শুরু হলো পাঁচ দিনের ‘আইটিভার্স’ উৎসব

১ নভেম্বর, ২০২৩ ২৩:০১  

এক মাসের প্রস্তুতি শেষে শুরু হলো পাঁচ দিনের তথ্যপ্রযুক্তি উৎসব ‘আইটিভার্স’। বুধবার সন্ধ্যা ৬টায় অনলাইনে ওয়েবভিত্তিক ইউজার ইন্টারফেস ডিজাইন প্রতিযোগিতার মাধ্যমে পর্দা উঠলো এ উৎসবের। ব্যবহারকারর পছন্দের সফটওয়্যার নকশায় ৬২টি দল অংশ নিয়েছে। রাত ১২টা পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা।

উৎসবে স্বাগতিক আইআইটি ছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্নাতক পড়ুয়া শিক্ষার্থীরা অংশ নিয়েছে। হরতাল-অবোরধ ছাড়াই দুই দিন অনলাইন চলবে এই প্রতিযোগিতা।

উৎসবের দ্বিতীয় দিন বৃহস্পতিবার অনলাইনে ‘সাইবার নিরাপত্তা’ প্রতিযোগিতা আয়োজন করা হবে। শুক্রবার হবে সরাসরি ‘হ্যাকাথন’ প্রতিযোগিতা। টানা ২৪ ঘণ্টা ধরে অনুষ্ঠেয় হ্যাকাথনে তিন ক্যাটাগরিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩১টি দলের ৯১ জন শিক্ষার্থী অংশ নেবে।

শনিবার হবে ‘কোড রিফ্যাকটরিং’ প্রতিযোগিতা। ইন্ডাস্ট্রি গ্রেড মেনে দ্রুততম সময় গুছিয়ে কোড লেখার এ প্রতিযোগিতায় অংশ নেবে ১৫টি দলের ৪৫ প্রতিযোগী। উৎসবের শেষ দিন রোববার ডিপ লার্নিং মডেল দিয়ে তৈরি বিভিন্ন প্রকল্প নিয়ে ‘ডেটাথন’ আইআইটিতে এবং টিএসসিতে হবে সফটওয়্যার প্রদর্শন করবেন শিক্ষার্থীরা। ‘ডেটাথন’-এ শীর্ষ ১০টি দল অংশ নেবে চূড়ান্ত পর্বে। প্রজেক্ট শো-কেইস করবে ৩ সদস্যের ১৫টি দল।

একই দিনে প্রযুক্তি খাতে নারীদের অবস্থান এবং শিল্পে উদ্ভাবনের প্রয়োজনীয় দিক নিয়ে দুটি সেমিনার অনুষ্ঠিত হবে।

উৎসবে বিভিন্ন প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের শিক্ষকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সফটওয়্যার প্রকৌশলী ও টেক-প্রতিষ্ঠানে উচ্চ পদস্থ কর্মকর্তারা। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) অনুষ্ঠেয় সমাপনী অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের পাঁচ লাখ টাকা মূল্যমানের বিভিন্ন পুরস্কার দেওয়া হবে।

আইটিভার্সের পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে সেফালো বাংলাদেশ লিমিটেড, দোহাটেক নিউ মিডিয়া, স্ট্রিমসটেক লিমিটেড, ব্রেইন স্টেশন ২৩, সেবপো।